নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, জুলাই আন্দোলনে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু সংখ্যক অস্ত্র উদ্ধার এখনো অব্যাহত আছে। তবে তা নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, পোস্টাল ব্যালট সিস্টেম নতুন। তাই এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে এ বিষয়ে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের ওপর প্রশ্ন আছে, এমন কাজ কখনও করা হবে না। সে ব্যাপারে আমরা সর্তক রয়েছি।
নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে। অনুষ্ঠানে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপিরচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির উপস্থিত ছিলেন।