টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত–পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা এবং বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
ত্রিপক্ষীয় এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার দিবাগত রাত ১টায় পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিবি, তবে সেই প্রস্তাবও নাকচ করে দেয় সংস্থাটি।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে চলমান এই সংকট নিরসনের লক্ষ্যেই আজকের জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্ত এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই জরুরি ভিত্তিতে পাকিস্তান সফরে গেছেন বিসিবি সভাপতি।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শুরু থেকেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করে আসছেন। অন্যদিকে, পাকিস্তান যদি ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে না নামে, তবে আইসিসির প্রায় ৬ হাজার কোটি রুপি আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। সম্প্রচারস্বত্ব ও স্পন্সরশিপ থেকে আসা এই বিপুল অঙ্কের ক্ষতি এড়াতে দ্রুত সমাধানে পৌঁছাতে মরিয়া আইসিসি।