চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ মুদ্রানীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রেখে ১০ শতাংশে বজায় রাখা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুদ্রানীতির ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার সংকটের কারণে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। সরকার বাজেটে ব্যয় সংকোচন করলেও ব্যাংকখাত থেকে ঋণ গ্রহণের হার বেড়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে করা চুক্তির সব শর্ত বাংলাদেশ ব্যাংক পূরণ করেছে।
ডলার বাজার প্রসঙ্গে গভর্নর বলেন, গত এক বছরে বাজার থেকে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে। তবে এই সময়ের মধ্যে রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করা হয়নি।
নতুন মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক কার্যক্রমে ভারসাম্য আনার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।