টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট নিলেন রশিদ খান। ১৬ ফেব্রুয়ারী (সোমবার) দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আরফানকে ফিরিয়ে এই মাইলফলক ছোঁন আফগানিস্তান তারকা। রশিদ খান ৬৯৯ উইকেট নিয়ে এই ম্যাচ খেলতে নেমে সংযুক্ত আরব আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে আরফান হিট উইকেটের শিকার হতেই তিনি এই কীর্তি গড়েন।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯৮তম ও ৬৯৯তম উইকেট নিয়ে আরফানকে আউট করার আগে ১৭ রান দেন তিনি। রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে নিজের স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন আমিরাত ব্যাটার। দলকে সুপার এইটে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে এবং অন্যদের ফলের দিকে তাকাতে হবে তাই মাইলফলক ছোঁয়া উইকেট নিয়েও উদযাপন করতে দেখা যায়নি রশিদকে।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে অবসর নেওয়া ডোয়াইন ব্রাভো। রশিদের পরে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে কেবল সুনীল নারিনের সংগ্রহে ৬১৩ উইকেট । আফগানিস্তানের হয়ে ১৯১ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রশিদ সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে। এই তালিকায় তার পরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।