বাংলাদেশের ক্রিকেটে আপাতত ব্যস্ততা না থাকায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ১৬ ফেব্রুয়ারী (সোমবার) দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। গতকাল (শনিবার) বিসিবির অন্য পরিচালকদের খুদে বার্তায় সপ্তাহখানেক পরই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বুলবুল।
বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সত্ত্বেও বেশ ব্যস্ত সময়ই পার করেছেন বিসিবি সভাপতি। মূলত নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চাওয়া বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের আগপর্যন্ত আইসিসি, পিসিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে টানা যোগাযোগ চালিয়ে যেতে হয়েছে বিসিবিকে। শেষমেষ বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি।
এরই মাঝে একাধিক গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে দেশে নেই বিসিবি সভাপতি ঠিক পরদিন সকালেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হয়ে তাদের চমকে দেন বুলবুল। এবার তিনি পরিবারের কাছে ছুটছেন পূর্বনির্ধারিত সূচি অনুসারে।