টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার এইটের টিকিট কাটল স্বাগতিক ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারের স্বাদ উপহার দিয়ে ৪ সহজ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
আহমেদাবাদে আগে ব্যাট করতে নেমে শিভম দুবের মাত্র ৩১ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় করা অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ভারত। এছাড়া তিলক ভার্মা ২৭ বলে ৩১, অধিনায়ক সূর্যকুমার যাদব ২৮ বলে ৩৪ ও হার্দিক পান্ডিয়া ২১ বলে ৩০ রান করেন। ৭ বলে ১৮ রান আসে ঈশান কিষাণের ব্যাট থেকে।
এদিকে ১৯৩ রানের জবাব দিতে ডাচরা ধীর গতিতে শুরু করায় গোটা ইনিংস জুড়েই দিতে হয়েছে খেসারত। 'এ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ডাচরা হেরেছে ১৭ রানের ব্যবধানে। ডাচদের পক্ষে লোগান ভন বিক তিনটি ও আরিয়ান দত্ত দুটি উইকেট শিকার করেন। দুই ওপেনার মাইকেল লেভিট ২৩ বলে ২৪ ও ম্যাক্স ও'দোদ ১৮ বলে ২০ রান করেন। বাস ডি লিড ২৩ বলে ৩৩ ও কলিন আকারম্যান ১৫ বলে ২৩ রান করে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরাজয় জোটে তাদের ভাগ্যে ।