সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে গত কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে প্রথম রমজানেই প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আকারে একটু ছোট পেঁয়াজ আবার ৫৫ টাকায় বিক্রি করা হলেও ৬০ টাকার নিচে ভালো মানের পেঁয়াজ মিলছে না।
মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং চাহিদা বাড়ার কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে বলে জানালেন পেঁয়াজ বিক্রেতা। যার প্রভাব পড়েছে রমজানকে কেন্দ্র করে পাইকারি ও খুচরা বাজারে। পাইকারি বাজারে বেশি দামে পেঁয়াজ কিনতে হওয়ায় বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে দাবি খুচরা বিক্রেতাদের।
এদিকে ক্রেতাদের অভিযোগ রমজান এলেই ব্যবসায়ীদের ক্রেতাদের পকেট কাটার ধান্দা বাড়ে। নানা অজুহাতে পন্যের দাম বাড়িয়ে বাজারের পরিবেশকে অসহনীয় করে তোলে।