ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং ইসলাম গ্রহণের পর পবিত্র ওমরাহ পালন করেছেন।
মঙ্গলবার সৌদি ক্লাব আল নাসর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। ক্লাব জানায়, তাদের ব্রাজিলিয়ান তারকা ইসলাম গ্রহণ করেছেন এবং তার এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে। সতীর্থরাও তাকে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।
ইসলাম গ্রহণের পর ক্যাথলিন পবিত্র নগরী মসজিদুল হারামে যান। সেখানে তিনি মসজিদুল হারামে ওমরাহ পালন করেন। নতুন ধর্ম গ্রহণের পর আধ্যাত্মিক এক বিশেষ অনুভূতির কথা জানান তিনি।
ক্লাব তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে। সেখানে বলা হয়,আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আল্লাহ তার জন্য দৃঢ়তা দান করুন এবং তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে দিন।
ভিডিওতে আবেগাপ্লুত দেখা যায় ক্যাথলিনকে। চোখের পানি সামলে তিনি বলেন,আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের একটি ভালো রূপ দেখতে চেয়েছিলাম।
ক্যাথলিন সুজা একজন সেন্টার-ব্যাক এবং বর্তমানে আল-নাসর উইমেন্স দলের অধিনায়ক। তিনি সৌদি উইমেন্স প্রিমিয়ার লিগে খেলছেন। এর আগে তিনি ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও প্রতিনিধিত্ব করেছেন। ব্রাজিলের বাইশাদা সান্তিস্তা অঞ্চলে তার বেড়ে ওঠা। শুরুতে তিনি ফুটসাল দিয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন।
পরে যুক্তরাষ্ট্রে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলেন। তিনি মনরো কলেজ মাসটাংস, লুইসভিল কার্ডিনালস ও ইউসিএফ নাইটসের হয়ে খেলেছেন। পেশাদার ক্যারিয়ার শুরু করেন ফ্রান্সের ক্লাব এফসি জিরনদিনস দে বোর্দোতে। এরপর ইতালির ইন্টার মিলান ও স্পেনের রিয়াল মাদ্রিদের মতো ক্লাবেও খেলেছেন। ২০২৪ সালে তিনি আল-নাসরে যোগ দেন।
২০১৮ সালে ব্রাজিলের জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়। ২০১৯ সালে তিনি নারী বিশ্বকাপেও অংশ নেন।
এই সিদ্ধান্তের মাধ্যমে ক্যাথলিন সুজা তার ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন।