রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে বিশ্বকাপজয়ী জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা গাড়িবহরের মধ্যে ঢুকে পড়ে। এ সময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। তবে মেসুত ওজিল কিংবা প্রতিনিধি দলের কেউ আহত হননি।
উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে তিনি ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানে অংশ নেন।