ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। সেই প্রভাব পড়েছে তার ক্যারিয়ারেও। যে কারণেই সাবেক বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড তার ৩৪ বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলতি বছরের শেষেই তিনি ফুটবল থেকে অবসর নিতে পারেন বলে জানিয়েছেন।
ক্যারিয়ারজুড়ে একের পর এক চোট এবং বর্তমান ফিটনেস সমস্যাই তাকে এমন কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। গত বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমারের সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বর পর্যন্ত রয়েছে।
গত বছর সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে শারীরিক চোট নিয়ে খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শারীরিকভাবে এর জন্য তাকে বড় মূল্য দিতে হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি ডিসেম্বরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি।
নেইমারের অন্যতম বড় লক্ষ্য ২০২৬ বিশ্বকাপে খেলা। কোচ কার্লো আনচেলত্তি তার জন্য জাতীয় দলের দরজা খোলা রাখলেও নেইমার মনে করেন, বর্তমান অবস্থায় বিশ্বকাপে জায়গা করে নেওয়া এক ‘বড় চ্যালেঞ্জ’। ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে তিনি আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি।
ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। ইউরোপীয় ফুটবলে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি পিএসজির হয়েও অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া এই তারকা ফুটবলার এ মৌসুমে নিজের শতভাগ দিয়ে খেলতে মুখিয়ে আছেন।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ‘সি’ গ্রুপের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। যদি সত্যিই ডিসেম্বরে নেইমার অবসরের সিদ্ধান্ত নেয় তাহলে তার আগে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেকে রাঙিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ফরোয়ার্ড। তবে নেইমার নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে বলেন,‘আগামী বছর কী হবে আমি জানি না। এখন আমি কেবল এ বছরটি নিয়ে ভাবছি। তবে ক্যারিয়ারের বিষয়ে শেষ পর্যন্ত তার হৃদয়ের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।