লা লিগায় টানা নয় ম্যাচে সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষস্থানে উঠেছিল রিয়াল মাদ্রিদ। জিরোনার কাছে বার্সেলোনা হেরে যাওয়ায় এক নম্বর আসন সুসংহত করেছিল মাদ্রিদ ক্লাব। কিন্তু এক ম্যাচ পরই তা ঝুঁকির মুখে পড়ল। রাউল গার্সিয়ার স্টপেজ টাইমের গোলে থামল রিয়ালের জয়যাত্রা। এস্তাদিও এল সাদারে ম্যাচে ওসাসুনা লা লিগার শীর্ষ দলকে হারাল ২-১ গোলে। তবে নাটক তৈরি হয়েছিল এই গোলকে ঘিরে।
আন্তে বুদিমির পেনাল্টি স্পট থেকে গোল স্বাগতিকদের এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র সমতা ফেরান কঠিন একটি সপ্তাহ পার করার পর। কিন্তু শেষ মুহূর্তে রিয়ালের বক্সের বাঁ দিক থেকে গার্সিয়া দারুণ শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করলে জয় পায় ওসাসুনা।
রিয়ালের পাঁচ পয়েন্ট নেওয়ার সুযোগ থাকলেও হেরে যাওয়ায় ব্যবধান থাকল দুই পয়েন্ট নিয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্টে শীর্ষে মাদ্রিদ। রোববার লেভান্তেকে হারাতে পারলে এক নম্বরে ফিরে যাবে বার্সেলোনা।
অতিথি গোলকিপার কোর্তোয়া দুর্দান্ত এক সেভ করেন। রুবেন গার্সিয়ার ক্রসে ডিফেন্ডার আলভারো কারেরাসের জোরালো শট রুখে দেন রিয়াল কিপার। বুদিমিরের আরেকটি হেডও থামিয়ে দেন বেলজিয়ান তারকা।
খেলার ৩২তম মিনিটে ভিনিসিয়ুসের নিচু শট পেছনে পাঠান সার্জিও হেরেরা। ওই কর্নার থেকে দাভিদ আলাভার প্রচেষ্টা ব্লক করে স্বাগতিকরা। ৩৯ মিনিটে বুদিমিরকে কোর্তোয়া ফাউল করলে পেনাল্টি পেয়ে গোল করে ওসাসুনা। স্পট কিক থেকে গোল করে রিয়ালের বিপক্ষে গোলের রেকর্ড ধরে রাখেন বুদিমির।
দ্বিতীয়ার্ধের শুরুতে আর্দা গুলার ক্রসবারের ওপর দিয়ে শট নেন। কিলিয়ান এমবাপে বক্সের বাঁ প্রান্ত থেকে লক্ষ্যভেদ করলেও অফসাইডে বাতিল হয় গোল। ৭০ মিনিটে রিয়াল বল জালে জড়ায়। গার্সিয়ার গোলে ওসাসুনার জয় উৎসব অফসাইড ফ্ল্যাগে কয়েক সেকেন্ড পরই নিস্তব্ধতায় রূপ নিলে ভিএআর রিভিউয়ে সিদ্ধান্ত পাল্টে গেলে নাটকীয়ভাবে স্মরণীয় জয়ের আনন্দে মাতে ওসাসুনা।