গত দু’দিনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের ফিরতি লিগে ৮টি দল শেষ ষোলো এবং সমান সংখ্যক ক্লাব বিদায় নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই, টানটান উত্তেজনা ও অবিশ্বাস্য কামব্যাকে সেখানে ১৬ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসলের মতো ক্লাব যেমন পরের রাউন্ডে উঠেছে ঠিক তেমনি অভিষেক আসর খেলতে নামা বোডো/গ্লিমট কিংবা আটালান্টাও চমক দেখিয়েছে।
ইন্টার মিলান, জুভেন্তাস ও বরুসিয়া ডর্টমুন্ডের মতো জায়ান্ট ক্লাবগুলো ছিটকে গেছে প্লে-অফ থেকে। ইতালির একমাত্র ক্লাব হিসেবে কেবল টিকে আছে আটালান্টা। গত দু’দিনে প্লে-অফের ফিরতি লিগ থেকে শেষ ষোলোয় জায়গা পাওয়া ৮টি দল হোল রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, আটালান্টা ও গালাতাসারেই।
নাটকীয় লড়াই ছিল রিয়াল মাদ্রিদ ও বেনফিকার মধ্যে। বর্ণবাদের দায়ে ফুটবলার প্রেস্তিয়ান্নি ও কোচ হোসে মরিনিয়ো ছিলেন না দলে। প্রথম লেগে ১-০ গোলে এবং পরে সান্তিয়াগো বার্নাব্যুতের কাছে ২-১ গোলে হেরে পর্তুগিজ ক্লাবটিকে বিদায় নিশ্চিত হয়েছে। শেষদিকে লড়াই জমে উঠেছিল পিএসজি ও মোনাকোর। পিএসজি উৎরে গেছে ৫-৪ অ্যাগ্রিগেটের সুবাদে।
জুভেন্তাস ও গালাতাসারের লড়াইটাও ছিল রোমাঞ্চকর। তুরস্কের ক্লাব গালাতাসারে প্রথম লেগে বড় ব্যবধান ৫-২ এগিয়ে থাকলেও ফিরতি লেগে শেষ রক্ষা হলো না জুভেন্তাসের। ৩-২ স্কোরলাইন নিয়ে খেলা শেষ করলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে অ্যাগ্রিগেটে পিছিয়ে ছিল। যা বিদায় ঘটিয়ে দেয় ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের।
এ ছাড়া গতকাল ঘরের মাঠে ৪-১ গোলে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হারা আটালান্টা। ইতালিয়ান দলটি শেষ ষোলোয় উঠেছে ৪-৩ গোলে। প্লে-অফ থেকে অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোডো/গ্লিমটকে নিয়ে ১৬ দলের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর স্লট পূর্ণ হলো। আগামী শুক্রবার শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে ।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থেকে আগেই সরাসরি শেষ ষোলো বা নকআউট পর্ব নিশ্চিত করেছিল আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।