উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ায়। বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে কাতারে সব ধরনের ফুটবল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ধরনের ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট স্থগিত থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কিউএফএ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি হামলার প্রসঙ্গ উল্লেখ না করে সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি যথাসময়ে জানানো হবে।
কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তের ফলে অনিশ্চয়তায় পড়েছে বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ ম্যাচ। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াইয়ে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’ মুখোমুখি হওয়ার কথা ছিল আগামী ২৭ মার্চ, দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে। তবে বর্তমান পরিস্থিতিতে ম্যাচটি কবে আয়োজন করা হবে, তা এখনো নিশ্চিত নয়।