ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক গোলে উড়ন্ত সূচনা পেয়েছিলেন,তবে উড়তে থাকা ফরাসি ফরোয়ার্ডকে মাটিতে নামিয়ে এনেছে হাঁটুর চোট। আর এই চোটের তদারকি ঠিকঠাক করতে পারছে না এমবাপ্পের ক্লাব রিয়াল মাদ্রিদ আর তাতেই চটেছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির তারকা ফরোয়ার্ড। রিয়ালের মেডিক্যাল টিম তার চোটের কোনো সমাধান করতে ব্যর্থ হওয়ায় প্রতিকারের জন্য গেলেন নিজের দেশ ফ্রান্সে।
ফ্রান্সে গিয়ে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া বাঁ হাঁটুর চোট নিয়ে এমবাপ্পে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিলে রিয়াল মাদ্রিদও তার এই ভ্রমণের অনুমতি দিয়েছে। এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের প্লে অফে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেনি তিনি।
এমবাপ্পের মতে, রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিম গত তিন মাসে তার চোটের সমস্যার কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে,জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। যার প্রভাব পড়েছে পারফরম্যান্সেও। পাশপাশি তাকে প্রতিনিয়ত দলের বাইরেও থাকতে হচ্ছে। তার প্রধান লক্ষ্য হলো হাঁটুর সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা সমাধান করা এবং মৌসুমের গুরুত্বপূর্ণ অংশে দলে ফেরা।
গত ৭ ডিসেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে এমবাপে ইন্টার্নাল ল্যাটারাল লিগামেন্টে সমস্যা অনুভব করেছিলেন, তবে এখন পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট-এর সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১১ মার্চ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে অনিশ্চিত এমবাপ্পে। ক্লাব প্রত্যাশা দলের আক্রমণভাগের মূল তারকা ১৮ মার্চ দ্বিতীয় লেগের আগেই ফিট হয়ে ফিরবেন। তবে ফরাসি তারকা ফরোয়ার্ডের শঙ্কা শেষ পর্যন্ত হাঁটুর অস্ত্রপচার করালে ফেরার সময় আরো দীর্ঘায়িত হবে।
২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩৬ ম্যাচে ৩৯ গোলে সঙ্গে পাঁচটি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। এরমধ্যে লা লিগায় ২৩ গোল করে আছেন গোলদাতার তালিকায় শীর্ষে। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ গোল ২৭ বছর বয়সী ফরোয়ার্ডেরও। ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ৮ ম্যাচেই করেছেন ১৩ গোল।