ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর মহুয়া গঙ্গোপাধ্যায় শাশুড়ির মৃত্যু ও শেষকৃত্য নিয়ে ভল্গ তৈরি করে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ‘প্রবাসে ঘরকন্না’ নামক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচিতি পাওয়া মহুয়ার এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা তার এই আচরণকে স্রেফ ‘অর্থ উপার্জনের নেশা’ হিসেবে অভিহিত করেছেন।
দীর্ঘ দিন বিদেশে বসবাস করলেও নিয়মিত লাইফস্টাইল ভ্লগ তৈরি করে অনুসারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন মহুয়া গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তার শাশুড়ির মৃত্যুতে বিদেশ থেকে জরুরি ভিত্তিতে নিজ দেশে ফেরেন। দুই দিন আগে তার চ্যানেলে শাশুড়ির মরদেহ, তার সামনে বসে কান্নাকাটি এবং শেষযাত্রার দৃশ্যসহ একটি বিস্তারিত ভিডিও প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় তীব্র সমালোচনা।
ভিডিওর নিচে অনেকে তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করে লিখেছেন ভিউ আর টাকা আয়ের জন্য মৃত মানুষকে ব্যবহার করা লজ্জাজনক। অনেকে মন্তব্য করেছেন, শোকাতুর পরিবেশে পরিবারের সদস্যদের সামনে ক্যামেরা ধরা অসংবেদনশীলতার পরিচয়। নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন, ব্যক্তিগত শোকের বিষয়গুলো পর্দার আড়ালে রাখাই শ্রেয়। তবে এ বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর মহুয়া গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।