| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার ম্যাক্স ডোম্যান

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 55255 বার পঠিত
প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার ম্যাক্স ডোম্যান

ম্যাক্স ডোম্যান আর্সেনালের জার্সি গায়ে তোলার পর থেকেই একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, এফ কাপ এবং আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে নামার রেকর্ড গড়েছিলেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়লেন ডোম্যান।

গতকাল (শনিবার) রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে আতিথ্য দেয় আর্সেনাল। তবে ম্যাচজুড়ে অসংখ‍্য আক্রমণ ও গোলের জন্য শট নিয়েও সফরকারীদের দেয়াল ভাঙতে পারছিল না মিকেল আর্তেতার দল। ক্রমে হতাশা ছড়িয়ে পড়া আর্সেনালের গ্যালারিতে শেষ মুহূর্তে ঝলক দেখালেন ডোম্যান। খেলার ৮৯ মিনিটে ভিক্টর গিওকেরেসের গোলে ভূমিকা রাখার পর অতিরিক্ত সময়ে নিজেও গোল করায় ২-০ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেল গানাররা।

গিওকেরেস গোলটি করার পরে যোগ করা সময়ে সমতার চেষ্টায় ফ্রি-কিকের সময় গোলরক্ষকসহ এভারটন সদলবদলে আর্সেনালের অর্ধে হানা দিলে নিজেদের অর্ধে বল পেয়ে দারুণ গতিতে ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান ডোম্যান। মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস রচনা করলেন ডোম্যান। 

প্রিমিয়ার লিগে এতদিন পর্যন্ত সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড ছিল এভারটনের জেমস ভনের। ২০০৫ সালে ১৬ বছর ২৭০ দিন বয়সে এই কীর্তি গড়েন তিনি। আর ১৬ বছর ৭৩ দিন বয়সের ডোম্যান তাকে প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার শীর্ষ থেকে দুইয়ে নামিয়ে দিলেন। প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় এরপর অবস্থান করছেন– জেমস মিলনার (১৬ বছর ৩৫৬ দিন, ২০০২ লিডস ইউনাইটেড), ওয়েইন রুনি (১৬ বছর ৩৬০ দিন, ২০০২ এভারটন), রিও এনগুমোহা (১৬ বছর ৩৬১ দিন, ২০২৫ লিভারপুল), সেস ফ্যাব্রেগাস (১৭ বছর ১১৩ দিন, ২০০৪ আর্সেনাল) ও মিচেল ওয়েন (১৭ বছর ১৪৩ দিন, ১৯৯৭ লিভারপুল)।

ম্যাচ শেষে ম্যানেজার মিকেল আর্তেতা তরুণ এই শিষ্যের প্রশংসা করে বলেন, ‘এটি অভূতপূর্ব মুহূর্ত কিন্তু ম্যাচ যেভাবে শেষ হলো এমন কিছু আমরা আশা করিনি। এমিরেটসে আমাদের একসঙ্গে কাটানো সময়ের মাঝে এটি সেরা মুহূর্ত। আমার মনে হয় ডোম্যান স্টেডিয়ামে ভিন্ন আবহ এনে দিয়েছে। সে কেবল গোলই করেনি, পুরো খেলা পাল্টে দিয়েছে। এই বয়সে, এমন পরিস্থিতি ও চাপের মুহূর্তে এটি স্বাভাবিক কিছু নয়।’

এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ ব্যবধানে এগিয়ে গেছে। একইদিন তারা ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ সমতায় শেষ করে পয়েন্ট ভাগাভাগি করেছে। তবে আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দল। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪