তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রান করেছে স্বাগতিকরা।
রোববার ( ১৫ মার্চ ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে বাংলাদেশের ওপেনিং জুটি। উদ্বোধনী জুটিতে দ্রুত রান তুলে বিনা উইকেটে দলীয় শতরানের ঘরে পৌঁছে যায় টাইগাররা।
দলীয় ১০৫ রানে গিয়ে প্রথম উইকেটের পতন ঘটে। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। তিনি ৩৬ রান করেন।
অন্য প্রান্তে সাবলীল ব্যাটিং চালিয়ে যেতে থাকেন তানজিদ হাসান তামিম। তাকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ১৪৬ রানে হারিস রউফের বলে আউট হয়ে ফেরেন শান্ত। তিনি করেন ২৭ রান।
এরপর লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন তামিম। দারুণ ছন্দে ব্যাটিং করতে থাকা এই ওপেনার ৩৩তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে তুলে নেন নিজের সেঞ্চুরি। ৯৮ বলে করা এই শতকের ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৬টি চার।
তবে সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তামিম। শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রান করে আউট হন তিনি।
এরপর দ্রুত রান তুলতে থাকেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। দলীয় ২৬২ রানে ৫১ বলে ৪১ রান করে আউট হন লিটন। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। তিনি ৪৪ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
তার ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
সিরিজ জিততে হলে পাকিস্তানকে ৩০০ বলে ২৯১ রান করতে হবে।