নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা দেন।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের কাজের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন ও পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি।
স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।