মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময় পরিবর্তন করা হতে পারে।
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম।
তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারেন। আবহাওয়া গরম থাকায় ঈদগাহের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। পাশাপাশি পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রশাসক আরও জানান, মুসল্লিদের সুবিধার্থে ওজুখানা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নারীদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। তাই এখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন—এটি ঢাকার নাগরিকদের জন্য আনন্দের বিষয়। যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি।
এ সময় তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, ঈদগাহে প্রবেশের সময় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন কোনো বস্তু সঙ্গে না আনার জন্য সবাইকে নির্দেশনা মেনে চলতে হবে।
জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।