রাজধানীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে এবং দেশের সব পাম্পে নিয়মিত তেল পৌঁছানো হচ্ছে।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য নতুন শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, রোববার রাত থেকেই সব জ্বালানি পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। তাই তেলের কোনো ঘাটতি নেই এবং দাম বাড়ানোরও প্রয়োজন নেই।
আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে তিনি দাবি করেন, অনেক জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
এ সময় মন্ত্রী আরও বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।