আমরা এমন একটি দল, যারা মানুষের উপকারে কাজ করতে চাই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের উপকারে মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনটাই বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনাজপুরের কাহারোলের বলরামপুরে সাহাপাড়া খাল খননের উদ্বোধন অনুষ্ঠান সোমবার (১৬ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী জানান, খাল খননের কাজ সারা দেশে সম্প্রসারণ করা হবে। সরকার নির্বাচনের আগে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, এবং গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধার্থে কৃষিকাজের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
প্রধানমন্ত্রী সকালেই রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছে সেখান থেকে সড়কপথে দিনাজপুরে যান। অনুষ্ঠানে নিজে কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের সূচনা করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।
এর আগে, বেলা ১২:৩০ টায় তিনি কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন।