দেশের জনগণ পাশে থাকলে যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব।মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি। আমরা এমন কাজ করি যা মানুষের উপকারে আসে এবং মানুষ খুশি হয়। এমনটাই বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় ১২ কিলোমিটার লম্বা সাহাপাড়া খাল খনন প্রকল্প সম্পূর্ণ হলে প্রায় ৩১ হাজার কৃষক সুবিধা পাবে। খালের পানি প্রায় ১২০০ হেক্টর জমির সেচের কাজে ব্যবহার হবে এবং প্রায় সাড়ে তিন লাখ মানুষ পানির সুবিধা পাবেন। পাশাপাশি, খালের পানির মাধ্যমে ফসল উৎপাদনও বাড়বে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপন্ন হবে।
খাল খননের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সমগ্র দেশে পূর্বের খালগুলো ভরাট হয়ে গেছে। অনেক জায়গায় বর্ষার মৌসুমেও পানি পাওয়া যায় না। আমরা এই বর্ষার পানিকে কাজে লাগাতে চাই।
তারেক রহমান আরও বলেন, আজ যারা মাসে ৫ হাজার টাকা আয় করেন, আমরা চাই তাদের আয় দুই থেকে চার বছরের মধ্যে ৫–১০ হাজার টাকায় পৌঁছাক। যে ২ হাজার টাকা ইনকাম করেন, তার আয়ও আমরা দ্বিগুণ করতে চাই। এটাই আমাদের রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি এবং আপনার নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।