| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন হলে বাংলাদেশের জিডিপি তিনগুণ হতো: সিইসি

  • আপডেট টাইম: 16-03-2026 ইং
  • 56409 বার পঠিত
নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন হলে বাংলাদেশের জিডিপি তিনগুণ হতো: সিইসি

নারীদের ঘরের কাজের আর্থিক মূল্য হিসাব করা হলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বর্তমানের তুলনায় প্রায় তিনগুণ বেশি হতো বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, দেশের অর্থনীতি ও জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের কোনো মূল্যায়ন করা হয় না। অথচ এই কাজগুলো অর্থনৈতিকভাবে হিসাব করা হলে জাতীয় অর্থনীতির আকার অনেক বড় হতো।

সাম্প্রতিক নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, নির্বাচনে নারী কর্মকর্তাদের পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়। ভোটের পর নানা অনিয়মের অভিযোগ এলেও তদন্তে দেখা গেছে অভিযুক্তদের সবাই পুরুষ প্রিজাইডিং অফিসার। এখন পর্যন্ত কোনো নারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

নারী ভোটার বৃদ্ধির বিষয়েও বড় অগ্রগতির কথা তুলে ধরেন সিইসি। তিনি জানান, আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ফলে সেই ব্যবধান এখন কমে প্রায় ১০ লাখে নেমে এসেছে।

সিইসি বলেন, তিনি নিজেই দেখেছেন রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে নারীরা ভোটার নিবন্ধন করেছেন, যা অত্যন্ত ইতিবাচক ও অভাবনীয় দৃশ্য।

তিনি আরও বলেন, দেশে নির্বাচন ভালোভাবে সম্পন্ন হলে ভোটের পর কিছু রাজনৈতিক আপত্তি ওঠা আমাদের দেশের একটি প্রচলিত সংস্কৃতি। তবে মাঠ পর্যায়ে ভোটাররা ভোট দিতে পারেননি এমন কোনো অভিযোগ এখনো তার কাছে আসেনি।

দেশের অর্থনীতিতে রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্পে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি অনেকাংশেই নারীদের অবদানের ওপর দাঁড়িয়ে আছে, তাই তাদের কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪