বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে এর আলোকে পথ চলবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কোনো ইমোশনের জায়গায় নয়,ইমোশন ও আইন দুটিকে একসঙ্গে নিয়ে দল এগিয়ে যাবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর এলাকায় ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
আইনমন্ত্রী বলেন, যারা জুলাই সনদ পড়েছেন তারা দেখবেন, সেখানে বলা আছে সংবিধান সংশোধনের মাধ্যমে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। আমরা সংবিধান সংশোধনের ক্ষেত্রে সাংবিধানিক যে প্রক্রিয়া রয়েছে, সেই পথেই এগোবো।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবেই খাল পুনঃখনন উদ্যোগ নেওয়া হয়েছে। জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও বিল খনন করব। একই সঙ্গে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। খাল-বিল ও জলাশয় দখল করে কেউ থাকতে পারবে না।
কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।