শেরপুরের নকলা উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাজিফ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরের দিকে ঢাকা–শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিফ জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা ও পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দি থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। ঈদ উপলক্ষে তার স্ত্রী সুমি আক্তার (৩৭) ও সন্তানরা সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
বেলা পৌনে ১২টার দিকে নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিফের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নাজিফের মা সুমি আক্তার, ভাই নাহিদ (৮), বোন নওশিন (১৫) এবং অটোরিকশা চালক (৪৮) গুরুতর আহত হন। আহতদের মধ্যে সুমি আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।