| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: বাড়ছে উত্তেজনা

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 139 বার পঠিত
উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: বাড়ছে উত্তেজনা

 উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে করে পূর্ব এশিয়ায় আবারও উত্তেজনা ছড়িয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে পূর্ব উপকূলসংলগ্ন সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল প্রায় ৬টা ১০ মিনিটে পূর্ব উপকূলীয় শহর সিনপোর কাছ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। জাপান সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছাকাছি সাগরে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সেগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেনি।

এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জরুরি নিরাপত্তা বৈঠক আহবান করে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যা তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরে এটি দেশটির সপ্তম এবং এপ্রিল মাসে চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নিয়ে পিয়ংইয়ং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে। কিয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল-চুল বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ব্যস্ততার মধ্যে উত্তর কোরিয়া এটিকে নিজেদের সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। তবে উত্তর কোরিয়া এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে দাবি করেছে, এটি তাদের আত্মরক্ষার সার্বভৌম অধিকার। এদিকে, আগামী মে মাসের মাঝামাঝিতে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়ছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়া ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং দেশটিতে নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত মার্চের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দেন, তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান অপরিবর্তনীয় এবং জাতীয় নিরাপত্তার জন্য ‘আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ’ আরও জোরদার করা হবে। বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪