যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি নৈশভোজ অনুষ্ঠান চলাকালে আকস্মিক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে তাঁদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অনুষ্ঠান চলাকালে হঠাৎ কয়েকটি বিকট শব্দ শোনা যায়, যা অনেকেই গুলির শব্দ বলে মনে করেছেন। বিবিসির এক প্রতিবেদনে একজন নিরাপত্তাকর্মীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অন্তত সাত থেকে আটটি গুলি ছোড়া হয়ে থাকতে পারে। যদিও সন্দেহভাজন বন্দুকধারীর অবস্থান বা তার পরিণতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পরে ডোনাল্ড ট্রাম্প নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
হোয়াইট হাউসের এক সহকারী নিশ্চিত করেছেন যে ট্রাম্প সম্পূর্ণ নিরাপদ আছেন। রয়টার্সের এক আলোকচিত্রীও ঘটনাস্থলে চার থেকে ছয়টি বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন, তবে শব্দগুলো নৈশভোজের মূল স্থানের খুব কাছাকাছি ছিল না বলে তিনি উল্লেখ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২ হাজার ৬০০ অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় সিক্রেট সার্ভিসের সদস্যরা।
উল্লেখ্য, ওই নৈশভোজে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে অংশ নিয়েছিলেন ট্রাম্প। আকস্মিক এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা আবারও আলোচনায় এসেছে।
হাফিজ/ আয়না নিউজ