কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী সমর্থিত ব্যক্তিত্ব মুফতি আমির হামজা মানহানি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। এর আগে তিনি সশরীরে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন।
মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল এ মামলা দায়ের করেন। ওই দিনই আদালত সমন জারি করে ২১ এপ্রিল তাকে হাজির হওয়ার নির্দেশ দেয়।
পরবর্তীতে ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই প্রেক্ষাপটে তিনি আগাম জামিনের আবেদন করেন, যা সোমবার হাইকোর্ট মঞ্জুর করে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় তিনি জ্বালানি মন্ত্রী সম্পর্কে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়।
হাফিজ/ আয়না নিউজ