ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ‘অবৈধ বাংলাদেশি’ ইস্যুতে কড়া অবস্থান জানিয়ে দ্রুত রাজ্য ছাড়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে বিপুল সংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ জড়ো হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিদের উদ্দেশে তিনি কঠোর বার্তাও দেন।
হিন্দিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা”—অর্থাৎ দ্রুত সেখান থেকে চলে যেতে হবে, নাহলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশি অনুপ্রবেশকারীদের” জেলে রেখে রাষ্ট্রীয় ব্যয় বাড়ানো উচিত নয় এবং সীমান্ত ব্যবস্থাপনায় আরও কঠোর পদক্ষেপ নেয়া দরকার।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে দীর্ঘদিন ধরে এ ধরনের বিষয়গুলো উপেক্ষিত হয়েছে এবং এখন আইন কার্যকরভাবে প্রয়োগের সময় এসেছে।
আরও পড়ুন :
ঘুষ ও জালিয়াতি মামলায় মার্কিন আদালতে বিরাট স্বস্তি ভারতীয় শিল্পপতি গৌতম আদানির
তিনি পুলিশ ও প্রশাসনকে নির্দেশনার প্রসঙ্গে বলেন, আটক ব্যক্তিদের জেলে না পাঠিয়ে সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানান।
এর আগে রাজ্য রাজনীতিতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় আসেন তিনি।
হাফিজ/ আয়না নিউজ