| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসলিম

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 1000 বার পঠিত
ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসলিম

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। চলমান যুদ্ধ ও চরম উত্তেজনার আবহের মধ্যেও বুধবার (২৭ মে)  ঈদের প্রথম দিনে ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন হাজারো মুসলিম। 

ইসলামের অন্যতম পবিত্র এই স্থানটির চত্বর ও চারপাশের আঙিনা ঈদের নামাজ আদায়কারী মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সেখানে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদুল আজহা মূলত মহান আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.)-এর নিজ সন্তানকে কোরবানি করার প্রস্তুতির স্মরণে পালিত হয়, যিনি খ্রিস্টান ও ইহুদিদের কাছে আব্রাহাম নামে পরিচিত। এই বিশেষ দিনে মুসলমানরা পশু কোরবানি করেন এবং সেই কোরবানির মাংস সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করে থাকেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ওই রক্তক্ষয়ী যুদ্ধে গাজায় এ পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। দীর্ঘস্থায়ী এই যুদ্ধের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ইতিমধ্যে ব্যাপকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গত বছরের অক্টোবর মাসে ঘোষিত একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর ক্রমাগত চুক্তি লঙ্ঘনের ঘটনার মাঝেই এবার ঈদ উদযাপন করছেন ফিলিস্তিনের মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৮৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ হাজার ৬৪৫ জনেরও বেশি মানুষ। 

চলমান যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনি মুসলমানদের এবারের ঈদের আনন্দ চরম উদ্বেগজনক বাস্তবতার মধ্য দিয়ে কাটছে।

আল রাজীব/ আয়না নিউজ












ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪