| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুদানে ড্রোন হামলায় ৭৯ বেসামরিক লোক ও ৪৩ শিশু নিহত

  • আপডেট টাইম: 06-12-2025 ইং
  • 160404 বার পঠিত
সুদানে ড্রোন হামলায় ৭৯  বেসামরিক লোক ও  ৪৩ শিশু নিহত

সুদানে আবারও ভয়াবহ সহিংসতা। দক্ষিণ কর্দোফান প্রদেশে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফের ড্রোন হামলায় একদিনেই প্রাণ হারালেন অন্তত ৭৯ জন বেসামরিক মানুষ। নিহতদের মধ্যে ৪৩টি শিশু। আহত হয়েছেন আরও ৩৮ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা চালানো হয় কালোগি শহরে।

শুক্রবার স্থানীয় সরকারের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আরএসএফের ড্রোন থেকে নিক্ষেপ করা হয় চারটি ক্ষেপণাস্ত্র। এগুলোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং শহরের একটি ঘনবসতিপূর্ণ এলাকা।

নিহতদের মধ্যে রয়েছেন চারজন নারী এবং শিশুর সংখ্যা ৪৩। শুরুতে হতাহতের সংখ্যা ছিল মাত্র ৮ যার মধ্যে ছিল ছয় শিশু ও এক শিক্ষক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে বাড়তে এই সংখ্যা পৌঁছে যায় ৭৯–এ।

রাজ্য সরকার এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ বলে আখ্যা দিয়েছে এবং আরএসএফ–সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট–নর্থকে দায়ী করছে।

আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি আরএসএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা এবং তাদের মিত্রদের জবাবদিহির আওতায় আনার দাবি তুলেছে।

হামলার নিন্দা জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, এটি শিশু অধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ। নিহতদের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সী অন্তত ১০ জন শিশুও রয়েছে।

গত কয়েক সপ্তাহে উত্তর ও দক্ষিণ কর্দোফানে সহিংসতা বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই ৪১ হাজারের বেশি মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। পুরো কর্দোফান অঞ্চলজুড়ে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলছে তীব্র লড়াই।

বর্তমানে দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্য আরএসএফের নিয়ন্ত্রণে। অন্যদিকে রাজধানী খার্তুমসহ দেশের মধ্য ও পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা সেনাবাহিনীর হাতে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ।

সুদানে পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। শিশু, নারী ও বেসামরিকদের ওপর হামলা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলের উদ্বেগও তীব্র হচ্ছে। তবে কবে থামবে এই রক্তপাত এ প্রশ্নের উত্তর এখনো অজানা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪