মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীরা।
হামলা বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সংঘটিত হয়। বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত এই হাসপাতালে বিমান থেকে বোমা ফেলা হয়। ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেন, “এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
রাতের বেলায় হাসপাতালের বাইরে মৃতদেহগুলো সাদা কাপড়ে ঢেকে রাখা দেখা যায়। আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, রাত ৯টার দিকে বিমান হামলায় হাসপাতালে ভর্তি ১০ জন রোগী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
রাখাইন রাজ্য প্রায় সম্পূর্ণরূপে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। জাতিগত সংখ্যালঘু এই বিচ্ছিন্নতাবাদী বাহিনী দেশজুড়ে বিদ্রোহের অংশ হিসেবে সামরিক জান্তার বেসামরিক সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছিল।
এপর্যন্ত হামলার বিষয়ে সামরিক জান্তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।