যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের আনার গুরুত্বপূর্ণ কর্মসূচি এইচ-ওয়ান বি ভিসার ফি অস্বাভাবিকভাবে বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ২০টি অঙ্গরাজ্য।
মামলার প্রধান বাদী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বনতা এবং ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক, নিউ জার্সি, ইলিনয়েস, ওয়াশিংটনসহ আরও ১৮টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল।
অভিযোগপত্রে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এইচ-ওয়ান বি ভিসার ফি এক লাফে বাড়িয়ে এক লাখ ডলার করেছে, যা অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং আইনবহির্ভূত। এর ফলে ভিসা আবেদনে আগ্রহ কমে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে দক্ষ জনশক্তির সংকট তৈরি হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনতা বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ক্যালিফোর্নিয়া জানে—বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ কর্মীরাই আমাদের অর্থনীতির অগ্রগতির চালিকাশক্তি।
উল্লেখ্য, ২০০৪ সালে চালু হওয়া এইচ-ওয়ান বি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর ৮৫ হাজার দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসা প্রশাসন খাতের কর্মীরাই মূলত এই ভিসার সুবিধাভোগী।
যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলো এই কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী।
এতদিন এইচ-ওয়ান বি ভিসার জন্য কোম্পানিগুলোকে বছরে দেড় হাজার ডলার ফি দিতে হলেও, গত সেপ্টেম্বরে তা বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন।
এর নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৪ শতাংশ স্কুলে স্পেশাল এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স ও দ্বিভাষিক শিক্ষায় শিক্ষক সংকট শুরু হয়েছে।
এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট অঙ্গরাজ্য ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো।