ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের উপকূলে ওমান উপসাগরে ইরানের কোস্টগার্ড বাহিনী বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে। জাহাজটির ১৮ জন ক্রুকে আটক করা হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আটককৃত ক্রুদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা রয়েছেন। প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি নেভিগেশন সিস্টেম নষ্ট হওয়ায় সাগরে ভেসে যাচ্ছিল। জাহাজে মোট ৬০ লাখ লিটার ডিজেল ছিল।
এ ধরনের ঘটনা ইরানের কাছে নতুন নয়। এর আগে গত মাসে পারস্য উপসাগর থেকেও এমন একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করা হয়েছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও সম্প্রতি ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, জাহাজটি মূলত ইরান ও ভেনেজুয়েলার মধ্যে তেল পরিবহনের কাজে ব্যবহৃত হতো।
বিশ্লেষকরা বলছেন, ইরানের ইসলামপন্থি সরকার এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ থাকার কারণে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।