আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজএ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে ১৯ হাজার ৫৭৬ জন প্রবাসীকে গত ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১২ হাজার ৫০৬ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ১৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৯১৬ জন রয়েছেন বলে জানিয়েছেন তারা।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ৫৭ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিকসহ এক হাজার ৪১৮ জন গ্রেফতার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ২৪ জন প্রবাসীকে এবং আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৬ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন গ্রেপ্তারকৃতদের ৩০ হাজার ৪২৭ জনের মধ্যে ২৮ হাজার ৭১৮ জন পুরুষ এবং ১ হাজার ৭০৯ জন নারী রয়েছে। এদের ২১ হাজার ৮০৩ জনের পাশাপাশি দেশে ফেরত পাঠানোর আরও ৫ হাজার ২০২ জনের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া একই সময়ে গ্রেপ্তারকৃত ১২ হাজার ৩৬৫ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে বলে বারবার সতর্ক করে আসছে।