ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। গত শুক্রবার ব্রাসেলসে ইইউ’র সদস্যরাষ্ট্রগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে, ফ্রিজ করা এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন ইইউ এর কর্মকর্তারা। এই অর্থ থেকে আগামী ২০২৬ ও ২০২৭ সালে শর্ত সাপেক্ষে ইউক্রেনের জাতীয় বাজেটে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ হিসেবে কিস্তির ভিত্তিতে প্রদান করা হবে যদি ইউক্রেন রাশিয়াকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়, তাহলে আগামী ১৮ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে দাপ্তরিকভাবে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তারা।
২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর করার পর রাশিয়ার প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত অর্থ ও সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছিল ইইউ। যা , ইউক্রেন যুদ্ধ ইস্যুতে এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিলো ইইউ।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া এসভিরিদেঙ্কো ইইউ এর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, ন্যায়বিচার এবং জবাবদিহিতার বিবেচনায় এই দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত রুশ বাহিনী কী পরিমাণ ধ্বংসযজ্ঞ আমাদের দেশে চালিয়েছে, তা রাশিয়াকে অনুভব করাবে।
ইইউর বর্তমান প্রেসিডেন্ট এবং ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফানি লোস শুক্রবারের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে যা ১৮ ডিসেম্বরের বৈঠকে কেটে যাবে।
এদিকে ইইউ এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থ-সম্পদ চুরির নতুন উপায় বের করেছে।