ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বাণিজ্য ছাড় নিয়ে মতের মিল না হওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত ৪ হাজার ১৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
গত সেপ্টেম্বরে ‘ল্যান্ডমার্ক সমঝোতা’ নামে পরিচিতি পাওয়া এই বাণিজ্যিক চুক্তিটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা, বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার, কোয়ান্টাম প্রযুক্তিসহ সামরিক-বেসামারিক এবং কৌশলগত বিভিন্ন খাতে দুই দেশ সহযোগিতামূলক বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে।
এই সম্পর্কের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে এবং এমন সব উদ্যোগ নেওয়া হবে যা সাধারণ নাগরিকদের বাস্তব জীবনকে আরও সহজ ও লাভবান করবে বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের দপ্তর থেকে বিবৃতি দেয়া হয়েছিল।
এদিকে যুক্তরাজ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয় মার্কিন কর্মকর্তারা চাইছিলেন, শুল্কমুক্ত ক্ষেত্রের পরিধি যেন আরও বাড়ানো হয়। কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে শুল্কছাড় সুবিধা দিতে রাজি হয়েছিল লন্ডন, কিন্তু এতে সন্তুষ্ট ছিল না ওয়াশিংটন।
মার্কিন কর্মকর্তাদের চাওয়ার সঙ্গে ব্রিটেনের কর্মকর্তারা একমত না হওয়ায় কয়েক দফা বৈঠক শেষে উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় অবশেষে গত সপ্তাহে এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেন মার্কিন কর্মকর্তারা।