তপ্ত মরুভূমির দেশ সৌদি আরব এবার সাক্ষী হলো এক বিরল প্রাকৃতিক ঘটনার। দেশটির উত্তরাঞ্চলে তুষারপাত হয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও আবহাওয়াবিদদের কাছেও বিস্ময়কর। বরফের চাদরে ঢেকে গেছে পাহাড়ি এলাকা, নেমে গেছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে।
সৌদি আরবের উত্তরাঞ্চলীয় তাবুক ও হাইল প্রদেশে এই তুষারপাত দেখা যায়। বিশেষ করে জর্ডান সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলগুলোতে জমে থাকা বরফের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দ্রুতই ভাইরাল হয়।
তুষারপাতের পাশাপাশি উত্তর সৌদি আরবের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতও হয়েছে। এমনকি রাজধানী রিয়াদের উত্তরাঞ্চলেও বৈরি আবহাওয়ার প্রভাব লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দশকের মধ্যে এমন আবহাওয়া তারা আগে কখনও দেখেননি।
সৌদি আরবের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্ট একটি গভীর নিম্নচাপের কারণেই এই অস্বাভাবিক আবহাওয়ার সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগেই পাহাড়ি অঞ্চলে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলেও এ ধরনের চরম ও ব্যতিক্রমী আবহাওয়া আরও দেখা যেতে পারে।