| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

  • আপডেট টাইম: 22-12-2025 ইং
  • 143262 বার পঠিত
গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার অভিবাসীদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

গ্রিসের দক্ষিণাঞ্চলের গাভদোস দ্বীপসংলগ্ন সমুদ্র থেকে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৪৩৭ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় কোস্টগার্ড কর্তৃপক্ষ (লিমেনার্কিও)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোররাতে আগিয়া গ্যালিনির দক্ষিণ দিকের সাগরে নৌকাটি বিপদের মুখে পড়েছে বলে খবর পায় হেলেনিক কোস্টগার্ড। পরে অভিযান চালিয়ে নৌকায় থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের গ্রিসের রেথিম্নো শহরের কিত্রেনোসি ভবনে স্থানান্তর করা হয়েছে। সেখানে কোস্টগার্ডের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে চারজন নারী ও দুটি শিশু রয়েছে। বাকিরা মূলত প্রাপ্তবয়স্ক পুরুষ।

রেথিম্নোর কোস্টগার্ড প্রধান কিরিয়াকোস পাত্তাকোস বলেন, বর্তমানে প্রশাসনের প্রধান লক্ষ্য মানবপাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করা এবং উদ্ধারকৃত অভিবাসীদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা।

এদিকে রেথিম্নো পৌরসভার উপমেয়র (নাগরিক সুরক্ষা) ইয়োরগোস স্কোরদিলিস জানান, একসঙ্গে এত বিপুলসংখ্যক অভিবাসীকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো স্থানীয় প্রশাসনের নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের ঘাটতির কারণে স্থানীয় কর্তৃপক্ষ চাপের মুখে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, আগামী সোমবার প্রথম দফায় ৩০০ জন অভিবাসীকে অন্য স্থানে পাঠানো হবে। অবশিষ্টদের আগামী সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।

জাতীয়তা অনুযায়ী উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিসরীয়, ১২ জন ইরিত্রীয় (যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে), ৫ জন সোমালি এবং সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, মানবপাচারকারীদের সহায়তায় তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে প্রায় ৩৬ ঘণ্টার বিপজ্জনক সমুদ্রযাত্রা শেষে গ্রিসে পৌঁছান।

তবে এ বিষয়ে গ্রিসের বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪