স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে এক যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিয়ানো জানিয়েছেন ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে পাশে ছিঁটকে পড়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও উদ্ধারকারী দল জানিয়েছেন বাসটি রাজধানী জাকার্তা থেকে প্রাচীন রাজ্য নগরী যোগ্যাকার্তা যাওয়ার পথে সেমারাংগ শহরের ক্রাপিয়াক টোল ওয়েতে বাঁক নেওয়ার সময় উল্টে গেলে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয় এবং পথে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১০ জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন আহতদের মধ্যে ৫ জনের অবস্থা সংকটজনক এবং ১৩ জনের অবস্থা গুরুতর।
সেমারাংয়ের ড.কারিয়াদি জেনারেল হাসপাতালে পুলিশ প্রধান রিবুত হারি উইবোও বলেন, চালক গুরুতর আহত হলেও চিকিৎসাধীন অবস্থায় কথা বলতে সক্ষম ছিলেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।