রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে ২২ ডিসেম্বর সোমবার একটি গাড়ি বিস্ফোরণে দেশটির জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। রাশিয়ার গুরুত্বপূর্ণ অপরাধের তদন্তকারী কমিটি এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
সোমবার ( ২২ ডিসেম্বর ) এ ঘটনা ঘটেছে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভের কিয়া সোরেন্টো গাড়িতে। তিনি রাশিয়ান জেনারেল স্টাফের আর্মি অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান ছিলেন।
রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি জানিয়েছে, ফানিল সারভারভ বিস্ফোরণে আহত হওয়ার পর মারা গেছেন। গাড়ির ধ্বংসাবশেষে ড্রাইভার সিটে রক্ত পাওয়া গেছে।
কমিটি আরও জানিয়েছে, বোমাটি ইউক্রেনের বিশেষ বাহিনী স্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে, তদন্তও চলছে। তবে এ ঘটনার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, গত এপ্রিলে মস্কোতে গাড়িবোমা হামলায় ইয়ারোস্লাভ মোস্কালিক নামে এক জেনারেল নিহত হন। তার আগে, ২০২৪ সালের ডিসেম্বরে স্কুটারের ভেতরে লুকানো একটি ডিভাইসের মাধ্যমে দূর থেকে বিস্ফোরণ ঘটিয়ে জেনারেল ইগর কিরিলভকে হত্যা করা হয়।