| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ সংকটে হাজারো মানুষ

  • আপডেট টাইম: 23-12-2025 ইং
  • 142462 বার পঠিত
রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ সংকটে হাজারো মানুষ

ইউক্রেনের কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসায় রুশ বাহিনীর হামলায় বিদ্যুৎ সংকটে পড়েছে হাজারো মানুষ। সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে চালানো এই হামলায় বন্দর ও জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওডেসা অঞ্চলে এটি ছিল দ্বিতীয় হামলা।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপারের বরাতে জানা গেছে, হামলায় একটি জাহাজ ও বন্দর এলাকার কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের হতাহতের খবর না মিললেও বন্দরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা অভিযোগ করে বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যাতে সামুদ্রিক পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। সর্বশেষ হামলায় পিভডেনি বন্দরে আগুন লেগে সেখানে সংরক্ষিত প্রায় ৩০টি কনটেইনারে থাকা ময়দা ও ভোজ্য তেল পুড়ে যায়।

জ্বালানি অবকাঠামোর ক্ষতির কারণে ওডেসা অঞ্চলের এক লাখ ২০ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওডেসা বন্দর ও আশপাশের এলাকায় হামলা বাড়িয়ে কৃষ্ণ সাগরে ইউক্রেনের চলাচল সীমিত করা এবং প্রতিবেশী মলদোভার দিকে গুরুত্বপূর্ণ সরবরাহ পথ ব্যাহত করার চেষ্টা করছে রাশিয়া।

এর জবাবে ইউক্রেনও রাশিয়ার সামুদ্রিক সরবরাহ ব্যবস্থার ওপর পাল্টা হামলা জোরদার করেছে। বিশেষ করে যুদ্ধকালীন নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তথাকথিত ‘ছায়া বহর’-এর তেল ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে কিয়েভ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪