রাশিয়ার রাজধানী মস্কোয় একটি থানার সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ মোট তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে শহরের ইয়েলেতস্কায়া সড়কে এ বিস্ফোরণ ঘটে।
রুশ তদন্ত কমিটির বরাতে জানা গেছে, থানার সামনে দাঁড়িয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তির কাছে গেলে তিনি সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই ট্রাফিক পুলিশের দুই সদস্য ও পুলিশের গাড়ির পাশে থাকা এক বেসামরিক ব্যক্তি নিহত হন।
নিহত পুলিশ সদস্যদের বয়স যথাক্রমে ২৪ ও ২৫ বছর। এর মধ্যে ২৫ বছর বয়সী পুলিশ সদস্যের স্ত্রী ও মাত্র ৯ মাস বয়সী একটি সন্তান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনার মাত্র দুই দিন আগে একই এলাকায় রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল ফানিল সারভারোভ একটি গাড়ি বোমা হামলায় নিহত হন। ধারাবাহিক এসব ঘটনায় রাজধানী মস্কোয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পেছনে কারা জড়িত তা এখনো নিশ্চিত নয়। তবে অতীতে এ ধরনের হামলার সঙ্গে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার অভিযোগ করেছে রাশিয়া।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার বিষয়ে তদন্ত চলছে।