ভারতের কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কর্নাটকের চিত্রাদূর্গা জেলার একটি জাতীয় মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হিরিয়ুর দিক থেকে বেঙ্গালুরুমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত লেনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটির সঙ্গে লরিটির সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক যাত্রী বাস থেকে বের হতে পারেননি। ফলে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।
আহত যাত্রীদের উদ্ধার করে হিরিয়ুর ও চিত্রাদূর্গার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য প্রত্যেকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।