সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে এক ব্যক্তি তিন তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। দ্রুত হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ঘটনার সময় নিরাপত্তা সদস্যরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং মসজিদে অবস্থানরত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করেন। সংস্থাটি ঘটনার একটি ভিডিওও শেয়ার করেছে।
ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদ কমপ্লেক্সের ওপরের তলা থেকে নিচে নামার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দেন। এ সময় তাকে আটকাতে গিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা আহত হন।
মসজিদুল হারামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স জানায়, অভিযুক্ত ব্যক্তি ও আহত কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, মসজিদুল হারাম সব সময়ই কঠোর নিরাপত্তার আওতায় থাকে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় এখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা ইউনিট দায়িত্ব পালন করে।
এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০১৭ সালে কাবা শরিফের কাছে এক সৌদি নাগরিক নিজেকে ক্ষতির চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাকে আটকায়। এছাড়া ২০১৮ ও ২০২৪ সালেও মসজিদুল হারামের ওপরের তলায় এ ধরনের ঘটনার নজির রয়েছে।