| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশিদের হোটেলে থাকতে দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

  • আপডেট টাইম: 26-12-2025 ইং
  • 140454 বার পঠিত
বাংলাদেশিদের হোটেলে থাকতে দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। বাংলাদেশে কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাবের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

সংগঠনটির যুগ্ম সম্পাদক উজ্বল ঘোষ জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সে সময় মানবিক বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা রোগীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়।

বর্তমান পরিস্থিতিতে সেই ছাড়ও আর বহাল রাখা হচ্ছে না বলে জানান উজ্বল ঘোষ। তিনি বলেন, “বাংলাদেশে চলমান কথিত সহিংসতা এবং ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে এখন থেকে কোনো বাংলাদেশি নাগরিককেই হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে মোট ১৮০টি হোটেল রয়েছে এবং সব সদস্যকে এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। পাশাপাশি সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশি নাগরিকদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্রের বরাতে জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিবছর শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি সফর করে থাকেন। নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পর্যটক, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত ও অবস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪