ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি ঢাল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ৭ জন নিহত হয়েছে। বাসটিতে ১৯ জন যাত্রী ছিলেন এবং এটি একটি দাতব্য সংস্থার সদস্যদের বহন করছিল।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) ২৯ সিটের বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং বিধ্বস্ত হয়।
স্থানীয় ফিন হো কমিউনিটির চেয়ারম্যান হোয়াং আন তুয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেক অকেজো হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ, সামরিক ইউনিট এবং স্থানীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ পর্যন্ত বাস থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কিছু যাত্রী আটকে আছে। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন।
প্রতিবন্ধক পাহাড়ি এলাকার কারণে উদ্ধারকাজ কিছুটা কঠিন হচ্ছে। ইয়েন বাই প্রদেশের কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।