| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে শুরু হলো বিতর্কিত নির্বাচন

  • আপডেট টাইম: 28-12-2025 ইং
  • 138198 বার পঠিত
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে শুরু হলো বিতর্কিত নির্বাচন

গৃহযুদ্ধ, সহিংসতা ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর সংশয়ের মধ্যেই মিয়ানমারে সাধারণ নির্বাচন শুরু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকার উৎখাতের পর দেশটির প্রথম জাতীয় নির্বাচন।

মিয়ানমার শাসনকারী সামরিক জান্তা দাবি করছে, এই নির্বাচন দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনের নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে জাতিসংঘ, পশ্চিমা দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই ভোট অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নয়। কারণ জান্তা-বিরোধী প্রধান রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে না।

অভ্যুত্থানের আগে অনুষ্ঠিত ২০২০ সালের নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়া নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি এখনও বন্দি রয়েছেন। তার নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলকে ইতোমধ্যে সামরিক সরকার বিলুপ্ত ঘোষণা করেছে। নির্বাচনে অংশ নিচ্ছে মূলত অবসরপ্রাপ্ত জেনারেলদের দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।

তিন ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের প্রথম ধাপ শুরু হয়েছে আজ। পরবর্তী ধাপ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১১ ও ২৫ জানুয়ারি। দেশটির মোট ৩৩০টি টাউনশিপের মধ্যে ২৬৫টিতে ভোট গ্রহণের পরিকল্পনা থাকলেও এসব এলাকার অনেক অংশেই জান্তার পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময়সূচি এখনও জানানো হয়নি।

থাইল্যান্ডের কাসেতসার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মিয়ানমার বিশেষজ্ঞ লালিতা হানওয়ং বলেন, “এই নির্বাচন মূলত সামরিক বাহিনীর ক্ষমতা দীর্ঘায়িত করার একটি কৌশল।”

বিশ্লেষকদের মতে, চলমান সশস্ত্র সংঘাতের মধ্যে জান্তার পক্ষে একটি স্থিতিশীল সরকার গঠন করা অত্যন্ত কঠিন। এমনকি নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের আড়াল তৈরি করা হলেও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা খুবই কম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪