মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগামী ইন্টারওসেনিক ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) ওয়াক্সাকা অঙ্গরাজ্যের আসুনসিওন ইক্সটালটেপেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।
নৌবাহিনীর তথ্যের বরাতে সিএনএন জানায়, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। ট্রেনটি ভেরাক্রুজ ও সালিনা ক্রুজকে সংযোগকারী মূল রেলপথে চলাচল করছিল।
মেক্সিকান নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে ৩৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা তুলনামূলকভাবে হালকা আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম জোরদার করা হয় এবং শতাধিক নৌসেনা ও উদ্ধারযান ঘটনাস্থলে পাঠানো হয়।
এ ঘটনায় তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আর্নেস্টিনা গডয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা হবে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে নৌবাহিনীর সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকারবিষয়ক উপসচিবকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেক্সিকান নৌবাহিনী পরিচালিত ইন্টারওসেনিক ট্রেনটি প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরীয় উপকূলকে সংযুক্ত করে। এই রেললাইনটি ২০২৩ সালে চালু হয়। দক্ষিণ মেক্সিকোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং পণ্য পরিবহনে পানামা খালের বিকল্প পথ তৈরির লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এই প্রকল্পের উদ্যোগ নেন।