| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

  • আপডেট টাইম: 04-01-2026 ইং
  • 133285 বার পঠিত
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। রাষ্ট্রীয় প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখা এবং সরকারি কার্যক্রম সচল রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।

আদালতের রায়ে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় কোনো ধরনের শূন্যতা সৃষ্টি হলে তা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। তাই প্রশাসনিক স্থিতিশীলতা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে রাষ্ট্রক্ষমতা ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে হস্তান্তর জরুরি।

বাংলাদেশ সময় রোববার সকালে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সুপ্রিম কোর্ট তার রায়ে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা, সরকারের কার্যকারিতা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি কার্যকর আইনি কাঠামো প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের নির্দিষ্ট আইনি প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেও মত দিয়েছে আদালত।

এই রায় এমন এক সময়ে এলো, যখন ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। সম্প্রতি মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হলে দেশটির ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অভিযানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় একটি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবে তার প্রশাসন।

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় ‘নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গত’ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দলটি দায়িত্ব পালন করবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখছেন।

ট্রাম্প আরও বলেন, ডেলসি রদ্রিগেজ বর্তমানে এমন অবস্থানে রয়েছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এই মন্তব্য ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ডেলসি রদ্রিগেজ দীর্ঘদিন ধরে নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি মাদুরো সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার ভাই জর্জ রদ্রিগেজ বর্তমানে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান। রদ্রিগেজ ভাই-বোনকে মাদুরো সরকারের অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে বিবেচনা করা হতো।

তবে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের পর সৃষ্ট বাস্তবতায় ডেলসি রদ্রিগেজ নিজের রাজনৈতিক অবস্থান রক্ষায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতার পথে হাঁটছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তিনি অভিযানের পর প্রথম উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে বক্তব্য দেন।

এক বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং তাদের বর্তমান অবস্থার প্রমাণ প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪